কুড়িগ্রামে ধরলা নদীর রক্ষায় সেমিনার

কুড়িগ্রামে ধরলা নদীর রক্ষায় সেমিনার

সংগৃহীত ছবি

‘ধরলা বাঁচাও, চর বাঁচাও’ এই প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামে নদী তীরবর্তী নারীদের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শহরের খলিলগঞ্জ এলাকায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ধরলা নদীর ভয়াবহ অবস্থা, নদীভাঙন ও নদীকেন্দ্রিক মানুষের জীবনসংগ্রাম মূল্যায়নে নারীদের সরাসরি সম্পৃক্ততায় নিয়ে আলোচনা করেন বক্তারা। ব্লু প্লানেট ইনিশিয়েটিভের তত্ত্বাবধানে এবং অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট এর আয়োজন করে।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নদী বিশেষজ্ঞ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।

এছাড়াও বক্তব্য রাখেন পাঁচগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন, মোগলবাসা ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান মিলন, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন মিয়া, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনিরুর রহমান মন্ডল এবং ব্লু প্লানেট ইনিশিয়েটিভের কনসালটেন্ট সানজিদা রহমান, সমন্বয়কারী রেশমা সুলতানা প্রমুখ।

সেমিনারে বক্তারা নদীভাঙনের শিকার মোগলবাসা ইউনিয়নের কুমুদিনি, রিজিয়া, সুভদ্রাসহ বহু ভুক্তভোগী নারীদের জীবনের করুণ বাস্তবতা তুলে ধরেন। বসতভিটা হারানো, সন্তানদের শিক্ষা বন্ধ হয়ে যাওয়া, চিকিৎসার অভাব আর অনিশ্চিত জীবনের গল্পে সেমিনারকে প্রাণবন্ত করে তোলে।