উখিয়ায় রেইন ওয়াটার রিজার্ভার পরিদর্শনে উপদেষ্টা আদিলুর রহমান
সংগৃহীত ছবি
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে বৃষ্টির পানি সংরক্ষণে নির্মিত ‘রেইন ওয়াটার রিজার্ভার’ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা উপদেষ্টা আদিলুর রহমান খান।
শনিবার দুপুরে তিনি পরিদর্শন করে প্রকল্পের বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে আদিলুর রহমান খান বলেন, এই অঞ্চলে নিরাপদ পানির সংকট নিরসনে রেইন ওয়াটার হারভেস্টিং একটি কার্যকর ও টেকসই উদ্যোগ। পালংখালীর এই রিজার্ভার স্থানীয় জনগণের পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপদেষ্টা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানির সংকট ক্রমেই বাড়ছে। এ প্রেক্ষাপটে বৃষ্টির পানি সংরক্ষণসহ পরিবেশবান্ধব প্রকল্প বাস্তবায়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে।
এছাড়া তিনি জুলাই সনদ বাস্তবায়নের স্বার্থে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্প প্রকৌশলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।