পাবনায় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার
ফাইল ছবি
পাবনায় অস্ত্র, গুলিসহ হত্যা মামলার আসামি জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পান্ডে হত্যা ও বিএনপি নেতা মোন্তাজ আলী চেয়ারম্যানের হাত কাটা মামলার অন্যতম অভিযুক্ত।
শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা পুলিশ। জাহিদ পাবনা সদর উপজেলার কাশিপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত বাচ্চু সরদারের ছেলে।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ পাবনা পৌর এলাকার দিলালপুর মহল্লার বজলুল হক রোডে একটি ভবনে অভিযান পরিচালনা করে। এ সময় ভাড়াটিয়া হাসি খাতুনের ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
একই সঙ্গে একটি দুই নলা ওয়ান শুটার গান, একটি এক নলা ওয়ান শুটার গান, একটি ১২ বোর কার্তুজ, একটি তলোয়ার, একটি চাইনিজ কুড়াল, একটি পয়েন্ট ২২ বোর রিভলবারের রিভলভিং চেম্বার, তিনটি আগ্নেয়াস্ত্রের ট্রিগার, দুইটি লোহার স্প্রিং ও একটি ইলেকট্রিক ড্রিল মেশিন জব্দ করা হয়।
ডিবি পুলিশের ওসি রাশেদুল ইসলাম আরও জানান, জাহিদের বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর শনিবার সকালে পুলিশে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।