নোংরা পরিবেশে খাবার তৈরি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
সংগ্রহীত ছবি
ফরিদপুরের সদরপুরে চারটি বেকারি ও মিষ্টির কারখানাকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) বিকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিকেলে অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত, বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করা, প্যাকেটের গায়ে মূল্য, উৎপাদনের ও মেয়াদোত্তীর্ণের তারিখ মুদ্রিত না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে কৃষ্ণপুর ইউনিয়নের হাটকৃষ্ণপুর এলাকার আম্মাজান বেকারিকে ১০ হাজার, দোলা সুইটসকে ৫ হাজার, পূর্বকান্দি এলাকার এমএস বেকারিকে ৫ হাজার, নিজগ্রাম এলাকার বিসমিল্লাহ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করে হয়। একইসঙ্গে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সহযোগিতা করে সদরপুর থানা-পুলিশের একটি টিম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো আপস করা হবে না। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। ভবিষ্যতে কেউ অনিয়ম করলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।