সদরপুরে ফসলি জমির মাটি কাটায় অর্ধ লাখ টাকা জরিমানা

সদরপুরে ফসলি জমির মাটি কাটায় অর্ধ লাখ টাকা জরিমানা

সংগ্রহীত ছবি

ফরিদপুরের সদরপুরে অবৈধভাবে কৃষিজমি থেকে এস্কেভেটর (ভেকু) মেশিন ব্যবহার করে মাটি উত্তোলন করে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট, পার্শ্ববর্তী বাড়ির ক্ষতি ও ফসলি জমির উর্বরতা নষ্ট করার অপরাধে দাদন ফকির (৪৫) নামে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মজ্ঞলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার আকোটের চর ইউনিয়নের ছলেনামা এলাকায় অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। দাদন ফকির সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের ছলেনামা গ্রামের মোবারক ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কৃষি জমি থেকে এক্সেভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে উপজেলার আকোটের চর ইউনিয়নের ছলেনামা গ্রামে মাটি উত্তোলন করে আসছিল একটি চক্র।

এই মাটি বাণিজ্যিক উদ্দেশ্যে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল। এর ফলে একদিকে যেমন ফসলি জমির উর্বরতা নষ্ট হচ্ছিল ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সদরপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। অভিযান চলাকালে অবৈধভাবে মাটি কাটার সত্যতা পাওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ও ১৫ (১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই সঙ্গে জনস্বার্থে এ ধরনের কার্যক্রম বন্ধ রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়।

সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় দাদন ফকিরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।