কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ৯২ হাজার প্যাকেট অবৈধ সিগারেট জব্দ

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ৯২ হাজার প্যাকেট অবৈধ সিগারেট জব্দ

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া ৯২ হাজার প্যাকেট অবৈধ সিগারেট জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) কুষ্টিয়া সদরের ২ নং জিপি গেট সংলগ্ন স্থানে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে এসব অবৈধ সিগারেট জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়ক ব্যবহার করে পাচার করা হচ্ছে। প্রাপ্ত তথ্যের মেহেরপুর–কুষ্টিয়া মহাসড়কে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন সদরের ২ নম্বর জিপি গেট সংলগ্ন এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে শুল্ক ও কর ফাঁকি দেওয়া ৪৫ হাজার প্যাকেট ‘মনস্টার’ এবং ৪৭ হাজার প্যাকেট ‘সিজার’ ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত মোট ৯২ হাজার প্যাকেট সিগারেট ও কাভার্ড ভ্যানটির আনুমানিক মূল্য ১ কোটি ২১ লাখ ২০ হাজার টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, জব্দকৃত কাভার্ড ভ্যান ও অবৈধ সিগারেট বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।