নীলফামারীতে ট্রাক–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারী শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি
নীলফামারীর জলঢাকা উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি।
বুধবার সকালে জলঢাকা পৌরসভার রংপুর–ডিমলা আঞ্চলিক মহাসড়কের চৌকিদারের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জলঢাকা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে আসা একটি ট্রাকের সঙ্গে জলঢাকা কেশ কোম্পানির দিকে যাওয়া একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী সুমিত্রা রানী ওরফে পাতা রানী (২৬) ঘটনাস্থলেই নিহত হন। তিনি উপজেলার পশ্চিম কাঠালী ভোগমারী এলাকার বাসিন্দা এবং একটি ইপিজেডে কর্মরত ছিলেন।
এ ঘটনায় আহত হন দিতি রানী (২৫) ও ভগবতী রায় (২৭)। স্থানীয়রা তাদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কেউ অভিযোগ না করায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।