চাঁদপুরে ভোক্তার অভিযানে নকল আকিজ বিড়ি জব্দ, জরিমানা

চাঁদপুরে ভোক্তার অভিযানে নকল আকিজ বিড়ি জব্দ, জরিমানা

ছবি: প্রতিনিধি

চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় কর্তৃক শহরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ অভিযান থেকে বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দেওয়া নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। এসময় এক ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সুত্রে জানা যায়, নকল ব্যান্ডরোল ব্যবহার করে অবৈধ ভাবে বিড়ি বিক্রি করার অপরাধে ইসহাক স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠান পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় প্রায় ৫ হাজার শলাকা নকল আকিজ বিড়ি জব্দ করা হয়।

চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন, জনসচেতনতা বৃদ্ধি, ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।