বাগাতিপাড়ায় নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে ইইউ প্রতিনিধি দল

বাগাতিপাড়ায় নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে ইইউ প্রতিনিধি দল

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণের অংশ হিসেবে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিদর্শন করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রতিনিধি দলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ভোল্ডেমারস ডুডুমস ও জেনি গুস্তাফসনের সঙ্গে বাংলাদেশি দোভাষী হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সামি আবিদ ফায়েজ।

পরিদর্শনকালে প্রতিনিধি দলটি বাগাতিপাড়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তারা নির্বাচন পরিচালনা, কেন্দ্র ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা জলি, বাগাতিপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মনজুরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

প্রতিনিধি দলের সদস্যরা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের একটি দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক দল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। এই দলের অংশ হিসেবে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন অংশীজন ও স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু হয়েছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।