কাজের প্রলোভনে অপহৃত দুই রোহিঙ্গা উদ্ধার, আটক ১
ফাইল ছবি
কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা গোদামকাটা এলাকায় কাজের প্রলোভন দেখিয়ে দুই রোহিঙ্গা যুবককে অপহরণ করে গহীন পাহাড়ে আটকে রেখে নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। মুক্তিপণের দাবিতে অপহরণকারীরা তাদের ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। তবে স্থানীয়দের তৎপরতায় আহত অবস্থায় ওই দুই যুবককে উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একজন অপহরণকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। অপহৃত দুই যুবক হলেন- আবু বকর (৩৬) ও ফয়েজুল ইসলাম (৩০)। তারা টেকনাফের ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘবদ্ধ একটি চক্র ভালো কাজের আশ্বাস দিয়ে দুই যুবককে উখিয়ারঘোনা এলাকায় ডেকে নেয়। পরে তাদের পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে জিম্মি করে স্বজনদের কাছে বড় অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। সময়মতো টাকা না পাওয়ায় অপহরণকারীরা তাদের হাত-পা বেঁধে নির্মমভাবে নির্যাতন চালায়।
পাহাড় থেকে ভেসে আসা চিৎকার ও সন্দেহজনক তৎপরতা টের পেয়ে এলাকাবাসী তল্লাশিতে নামে। এ সময় মূল অভিযুক্ত জিয়াউর রহমান ও বাপ্পীসহ কয়েকজন পালিয়ে গেলেও ধাওয়া করে গোদামকাটা এলাকার রিয়াজুর রহমান (২২) নামে এক সদস্যকে হাতেনাতে আটক করা হয়।
খবর পেয়ে কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুপুর দেড়টার দিকে রামু থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটক রিয়াজুর রহমানকে হেফাজতে নেয়।
পুলিশ আহত দুই যুবকের চিকিৎসার ব্যবস্থা করেছে। পাশাপাশি পলাতক অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।