চবি হাল্ট প্রাইজের ফাইনাল অনুষ্ঠিত

চবি হাল্ট প্রাইজের ফাইনাল অনুষ্ঠিত

সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হাল্ট প্রাইজ ২০২৫–২৬ ক্যাম্পাস প্রোগ্রামের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম চতুষ্কোণ’। এসডিজি ১২, ১৩ ও ১৫–এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রকল্প উপস্থাপন করে তারা শীর্ষস্থান অর্জন করে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় চবির ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে এ ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় এসডিজি ৯, ১২ ও ১৩–কে কেন্দ্র করে প্রকল্প উপস্থাপন করে ‘টিম দ্য অপটিমিস্টিক’ প্রথম রানার-আপ এবং এসডিজি ১২, ১৩ ও ১৪–ভিত্তিক উদ্যোগ নিয়ে ‘টিম মৌমাছি’ দ্বিতীয় রানার-আপ হয়।

জাতীয় সংগীত ও ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী বক্তব্যে অতিথিরা উদ্ভাবন ও সামাজিক প্রভাব সৃষ্টিতে তরুণ উদ্যোক্তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

চূড়ান্ত পর্বে মোট ৬টি দল অংশ নেয়। বিচারকরা অংশগ্রহণকারী দলগুলোর ব্যবসায়িক ধারণা, সামাজিক প্রভাব, টেকসইতা ও বাস্তবায়ন যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করেন।

হাল্ট প্রাইজ প্রতি বছর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাভিত্তিক বৈশ্বিক থিমে শিক্ষার্থীদের সামাজিক উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করে। ২০২৫–২৬ সেশনের থিম ছিল ‘আনলিমিটেড’।