চুয়াডাঙ্গায় বিএনপি ও ইসলামী আন্দোলনের ৫৫ নেতাকর্মী যোগ দিলো জামায়াতে
সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার প্রথম দিনে চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ২২ নেতাসহ ৫৫ জন আনুষ্ঠানিক ভাবে জামায়াত ইসলামীতে যোগদান করেছেন। জামায়াত ইসলামীর পক্ষ থেকে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট গ্রামের ফুটবল মাঠে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা মাখালডাঙ্গা ইউনিয়ন ইসলামী আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহিন আলীর নেতৃত্বে ২৫ নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াত ইসলামীতে যোগদান করেন।
বিএনপির রানা আলীর নেতৃত্বে ১৫ জন কর্মী-সমর্থক জামায়াত ইসলামীতে যোগদান করেন। এছাড়াও গাইদঘাট গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার ১৫ জন জামায়াত ইসলামীতে যোগদান করেন।
সদ্য যোগদানকৃত ৫৫ জনকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল।
যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির মহসিন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল। জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল ইসলাম মালিক, সদর উপজেলা আমির বিল্লাল হোসাইনসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জামায়াত ইসলামীতে যোগ দেয়া মাখালডাঙ্গা ইউনিয়ন ইসলামী আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহিন আলি জানান, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের কথা কাজে মিল না থাকায় বাধ্য হয়ে জামায়াত ইসলামীতে যোগদান করলাম। আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে থাকবো। কারও মিথ্যা আশ্বাসে আর গা ভাসাবো না। দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করতে আমরা কাজ করব।
চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল জানান, ন্যায় ও ইনসাফের পক্ষে এসে সকলে যোগদান করেছে জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে। ভালোর সাথে থাকার জন্য সকলকে সাধুবাদ জানাই। নির্বাচনের আর অল্প কিছুদিন বাকি আছে, সকলকে একসাথে কাজ করতে হবে। দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে। সৎ ও যোগ্য মানুষকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।