বিশ্বনাথে যৌথ অভিযানে অস্ত্র ও মদসহ যুবক গ্রেফতার

বিশ্বনাথে যৌথ অভিযানে অস্ত্র ও মদসহ যুবক গ্রেফতার

প্রতিকি ছবি

সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও মদসহ শফিকুর রহমান (৩২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক তিনটার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শফিকুর রহমান উপজেলার অলংকারি ইউনিয়নের সালামপুর (বেতসান্দি) গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে।

অভিযানে শফিকুর রহমানের বাড়ি থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, দুটি কার্তুজ, তিনটি ছোরা, দুটি টিপ চাকু, একটি নাইন চাকু, দুটি দা এবং পাঁচ বোতল মদ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শফিকুর রহমান একাধিক মামলার আসামি। মধ্যরাতে সেনাবাহিনীর বিশ্বনাথ ক্যাম্পের একটি দল প্রথমে তার বাড়িতে তল্লাশি চালায়। পরে খবর পেয়ে অভিযানে যোগ দেয় বিশ্বনাথ থানা পুলিশ।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, উদ্ধার করা অস্ত্র ও মদের ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেছে। গ্রেফতার ব্যক্তিকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।