খুলনায় শুরু হচ্ছে তৃতীয় উপকূলীয় পানি সম্মেলন
ফাইল ছবি
খুলনায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী তৃতীয় উপকূলীয় পানি সম্মেলন। শনিবার (২৪ জানুয়ারি) থেকে নগরীর সিএসএস আভা সেন্টারে এই সম্মেলনের আয়োজন করেছে দেশের ৬০টি বেসরকারি উন্নয়ন সংস্থা ও প্রতিষ্ঠান। এবারের সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘পানি প্রতিবেশ সুরক্ষা’ই টেকসই উন্নয়ন।
২৪ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। সমাপনী দিনে ‘খুলনা ঘোষণা’র মধ্য দিয়ে পর্দা নামবে এই সম্মেলনের।
আয়োজকরা জানান, বিশ্বজুড়ে নিরাপদ পানির সংকট দিন দিন বাড়ছে। ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম)-এর সমীক্ষা অনুযায়ী, গত এক দশকে বাংলাদেশে ভূ-গর্ভস্থ পানির স্তর প্রায় ২৪ মিটার কমেছে, যা পানি নিরাপত্তা, কৃষি ও জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলছে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা খুলনায় ২০১১ সালে প্রথম এবং ২০১৯ সালে দ্বিতীয় উপকূলীয় পানি সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় এবারের সম্মেলনে পানি ও জলবায়ু পরিবর্তন, পানি ব্যবস্থাপনায় সুশাসন, পানি বাস্তুতন্ত্র ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসহ চারটি থিমে ৭১টি গবেষণা অ্যাবস্ট্রাক্ট নিয়ে ১৪টি সমান্তরাল টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে।
সম্মেলনের কী-নোট স্পিকার হিসেবে থাকবেন খ্যাতিমান পানি ও জলবায়ু বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত। এতে অংশ নেবেন শিক্ষার্থী, গবেষক, বিশেষজ্ঞ, জনপ্রতিনিধি, সংবাদকর্মী, উন্নয়নকর্মী ও জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতিনিধিরা।
সম্মেলন কমিটির সদস্য সচিব শামীম আরফিন বলেন, উপকূলীয় এলাকায় লবণাক্ততা, জলাবদ্ধতা ও সুপেয় পানির সংকট মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক নীতিনির্ধারণ জরুরি। আয়োজকদের প্রত্যাশা, এবারের সম্মেলনের ‘খুলনা ঘোষণা’ জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর দিকনির্দেশনা দেবে।