শেরপুরে ট্রাকভর্তি ভারতীয় মদসহ তিন কারবারি গ্রেফতার
প্রতিকি ছবি
শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার এলাকায় ট্রাকভর্তি আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪। এ সময় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
র্যাব-১৪ সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শেরপুর-বকশীগঞ্জ সড়কের মোকছেদপুর নয়াপাড়া সংলগ্ন নন্দীর বাজার এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি সন্দেহভাজন ট্রাক থামানোর সংকেত দিলে ট্রাকে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হন।
গ্রেফতারকৃতরা হলেন মো. মিনাল মিয়া (৩০), মো. রিয়াদ হোসেন (২৮) ও মো. নুরুল আমিন (২৮)। তাঁদের সবার বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতী থানায়। স্থানীয়দের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং চিহ্নিত মাদক কারবারি।
র্যাব জানায়, আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকটির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৩০১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে নগদ ৯৬ হাজার ৮০৫ টাকা ও চারটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
র্যাব-১৪ এর কমান্ডিং কর্মকর্তা মেজর আসিফ আল রাজেক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শেরপুর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।