চট্টগ্রামে রাজস্ব ফাঁকি দেওয়া নকল আকিজ বিড়ি জব্দ
ছবি: প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মাস্টার হাট বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব নকল বিড়ি জব্দ করেন স্থানীয় ছাত্র-জনতা ও আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের কর্মকর্তারা।
স্থানীয়রা জানায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে নকল বিড়ি বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার আনোয়ারা উপজেলার মাস্টার হাট বাজারের হোলসেলস দোকানে অভিযান চালায় স্থানীয় ছাত্র-জনতা ও আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের কর্মকর্তারা।
এসময় মাস্টার হাট বাজার থেকে প্রায় নয় হাজার (৯,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়। এ ঘটনায় মোঃ নাজিমুদ্দিন নামের এক বিক্রয় কর্মী আটক করা হয়েছে। অভিযান শেষে জব্দকৃত নকল বিড়ি ও আটককৃত বিক্রয় কর্মীকে কর্ণফুলী থানায় সোপর্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু কার্যক্রম চলছে।
আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক (ইনচার্জ) মো. জসিম উদ্দিন জানান, আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের সুনাম নষ্ট করতে কিছু অসাধু চক্র নকল আকিজ বিড়ি তৈরি করছে। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে তারা বিড়িতে নকল ব্যান্ডরোল ব্যবহার করে কম দামে বিড়ি বিক্রি করছে। এতে সরকার বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে। নকল বিড়ি বন্ধ করতে পুলিশ, র্যাব, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহযোগীতা কামনা করছি।