চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নিরাপত্তা দেবে ১৫ প্লাটুন বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নিরাপত্তা দেবে ১৫ প্লাটুন বিজিবি

ফাইল ছবি

 

সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। পাশাপাশি সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বিজিবি।

রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

তিনি বলেন, সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছেন। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তারা সক্রিয় ভূমিকা পালন করবেন।

তিনি আরও জানান, জেলার তিনটি আসনে মোট ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ উপজেলা) আসনে ৩ প্লাটুন, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা) আসনে ৮ প্লাটুন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর উপজেলা) আসনে ৪ প্লাটুন দায়িত্ব পালন করবে। নির্বাচনী দায়িত্বে থাকবেন বিজিবির ৫৩ ও ৫৯ ব্যাটালিয়নের সদস্যরা।

তিনি বলেন, দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে বিজিবি তাদের দায়িত্ব পালন করবে।