জলবায়ু সচেতনতায় দেশসেরা ‘সময় নেচার’
সংগৃহীত
জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা ও নীতিনির্ভর আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ‘ইবিএল ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন অ্যাওয়ার্ডস ২০২৬’ অর্জন করেছে সময় টিভির বিশেষ উদ্যোগ ‘সময় নেচার’। ‘ক্লাইমেট এডুকেশন অ্যান্ড পলিসি অ্যাডভোকেসি’ ক্যাটাগরিতে এই জাতীয় স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি।
সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানটি আয়োজন করে ইস্টার্ন ব্যাংক পিএলসি। এতে কৌশলগত অংশীদার হিসেবে যুক্ত ছিল ইউরোপীয় ইউনিয়নসহ জার্মানি, ফ্রান্স, সুইডেন ও ডেনমার্কের দূতাবাস।
সময় টিভির বিশেষ প্রজেক্ট ‘সময় নেচার’-এর হোস্ট, কনসেপ্ট এবং ডেভেলপমেন্ট লিড এ জে সাগর এই পুরস্কার গ্রহণ করেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মানবিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট ক্রমেই বাড়ছে। ‘সময় নেচার’ এই বাস্তবতা তুলে ধরতে বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা, মাঠপর্যায়ের গল্প, গবেষণা ও নীতিনির্ভর বিশ্লেষণের মাধ্যমে কাজ করে যাচ্ছে।
এখন পর্যন্ত এই প্ল্যাটফর্মটিতে ৪০টির বেশি এক্সপ্লেইনার ভিডিও এবং ৩৭টি গবেষণাভিত্তিক ওয়েব রিপোর্ট প্রকাশিত হয়েছে। গত কয়েক মাসে এসব প্রতিবেদন প্রায় ৩ কোটি মানুষের কাছে পৌঁছেছে। এই অর্জন ভবিষ্যতে জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কণ্ঠস্বর আরও বিস্তৃত পরিসরে তুলে ধরার পথকে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।