আচরণবিধি মেনে চলতে দলগুলো আগের চেয়ে সচেতন: ইসি সানাউল্লাহ

আচরণবিধি মেনে চলতে দলগুলো আগের চেয়ে সচেতন: ইসি সানাউল্লাহ

ইসি সানাউল্লাহ

অতীতের চেয়ে বর্তমানে আচরণবিধি মেনে চলার ব্যাপারে রাজনৈতিক দলগুলো অনেক বেশি সচেতন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) অবসারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার (২৬ জানুয়ারি) বিকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, একটি ভালো নির্বাচনের প্রথম দিক হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি। পরিস্থিতি ভালো হলে ভোটাররা কেন্দ্রে যেতে উৎসাহিত হবে। যে ব্যালট ভেরিফাই ভোটার কর্তৃক হচ্ছে না সেটা আমরা গ্রহণ করবো না। লাইভ ভেরিফেকেশান করে ভোট প্রদান করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই যোদ্ধারা খালি হাতে লড়াই করেছে। এবার আমাদের হাতে আইন কানুন ও অস্ত্রগোলা বারুদ রয়েছে। তাহলে আমরা কী পারবো না, সুষ্ঠুভাবে একটি গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন দেশবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। এটা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। 

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় বিজিবি-৪ ব্যাটেলিনের সিইও মো. মোশারফ হোসেন, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, সেনাবাহিনী লক্ষ্মীপুর ক্যাম্পের মেজর জিয়া উদ্দিন আহম্মেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসাসহ অনেকে উপস্থিত ছিলেন।