ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার রাজনীতি থেকে সবাইকে দূরে থাকার আহ্বান মান্নার

ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার রাজনীতি থেকে সবাইকে দূরে থাকার আহ্বান মান্নার

নাগরিক ঐক্যের সভাপতি ও ঢাকা-১৮ আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্না।

মানুষকে ভয় দেখিয়ে ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার রাজনীতি থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি ও ঢাকা-১৮ আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্না।

বুধবার দুপুরে ঢাকা-১৮ আসনের আওতাধীন খিলক্ষেত এলাকায় নির্বাচনী প্রচারণা করার সময় তিনি এ আহ্বান জানান।

মাহমুদুর রহমান মান্না অভিযোগ বলেন, প্রভাবশালী মহলের চাপে অনেক ক্ষেত্রে থানা ও প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। কোথাও কোথাও মামলা গ্রহণেও গড়িমসি করা হচ্ছে।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের পর এলাকায় মামলা বাণিজ্য নামে একটি নতুন অপ-তৎপরতা শুরু হয়েছে। নিরীহ মানুষের নামে মামলা দিয়ে পরবর্তী সময়ে নাম বাদ দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আদায় করা হচ্ছে। নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। বিশেষ করে নারী কর্মীরা হ্যান্ডমাইক নিয়ে প্রচারণায় গেলে তাদের বাধা দেওয়া হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে। এমনকি নির্বাচনের পর তাদের দেখে নেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনের কাছে বগুড়া-২ আসনে প্রচারণায় সরাসরি হামলা ও বাধার প্রমাণিত কিছু অভিযোগ করেও কোনো সাড়া পায়নি বলে অসন্তোষ প্রকাশ করেছেন মান্না। এছাড়া, রাজধানীতেও নির্বাচন কমিশনের আইন সরাসরি কেউ মানছে বলে দেখছেন না, প্রকাশ্যে এবং আড়ালে অনেকেই নির্বাচনী আচরণবিধি মানছে না, কিন্তু এ নিয়ে কমিশনের তেমন কোনো পদক্ষেপও দেখছেন না বলে জানান তিনি।

এ সময় তিনি বলেন, ক্ষমতা নিয়ে যখন দ্বন্দ্ব তীব্র হচ্ছে তখনই সংঘাতটা দেখা যাচ্ছে, যারাই এসব করছে তারা আবার ঝরেও পড়ছে, মানুষ তাদের পছন্দ করছে না।

মান্না বলেন, বিগত সময়ের মতো গায়ের জোর আর মার্কার জোরকে বড় করে দেখছে না জনগণ। মানুষকে ভয় দেখিয়ে ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার রাজনীতি থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান তিনি।