বিএসসি প্রকৌশলীদের ১০ম গ্রেডের সুপারিশ, চুয়েটে আনন্দ মিছিল
সংগৃহীত
বিএসসি প্রকৌশলীদের ১০ম গ্রেডে সুযোগের সুপারিশে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আনন্দ মিছিল বের করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (২৮ জানুয়ারি) রাত ১২টার দিকে চুয়েটের স্বাধীনতা চত্বর থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
জানা যায়, বিএসসি প্রকৌশলীদের তিন দফা দাবি আদায়ে প্রায় এক বছর ধরে আন্দোলন করে আসছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ক্ষেত্রের শিক্ষার্থীরা। এ আন্দোলনকে কেন্দ্র করে ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী শিক্ষার্থী ও প্রকৌশলীদের মধ্যে সৃষ্টি হয় বিরোধ। প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের দাবি পর্যালোচনায় গত বছর ২৭ আগস্ট ১৪ সদস্যের ওয়ার্কিং কমিটি গঠন করা হয়।
বুধবার (২৮ জানুয়ারি) ওয়ার্কিং কমিটি তাদের প্রতিবেদনে বিএসসি প্রকৌশলীদের উপসহকারী প্রকৌশলী পদে আংশিক সুযোগের সুপারিশ করেছে। এরপর রাত ১২টায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আনন্দ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে প্রকৌশলী অধিকার আন্দোলন চুয়েট এর আহ্বায়ক ২০২০-২১ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইফতেখার মাহমুদ তন্ময় বলেন, ‘নিশ্চিতভাবেই আজকে বিএসসি ইঞ্জিনিয়ারদের দশম গ্রেডে পরীক্ষা দেয়ার জন্য ওয়ার্কিং কমিটি যে সুপারিশ করেছে আমাদের প্রকৌশলী অধিকার আন্দোলনের জন্য এটি একটি ইতিবাচক অগ্রগতি।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই এই সুপারিশপত্র অতিদ্রুত গেজেটভুক্ত হোক। উপ-সহকারী প্রকৌশলী পদ উন্মুক্ত হওয়ার ব্যাপারে কোনোরূপ কোটা থাকতে পারবে না। পাশাপাশি নবম গ্রেডের সংস্কার অতিদ্রুত সম্পন্ন করতে হবে। আমাদের পূর্ণাঙ্গ দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
উল্লেখ্য, গত প্রায় এক বছর ধরেই চাকরি ক্ষেত্রে বিএসসি প্রকৌশলীদের বৈষম্যের প্রতিবাদে ৩ দফা দাবিতে আন্দোলন করে আসছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ক্ষেত্রের শিক্ষার্থীরা।
তাদের দাবিগুলো হলো: নবম গ্রেডে নূন্যতম যোগ্যতা বিএসসি রেখে পরীক্ষার মাধ্যমে নিয়োগ, দশম গ্রেডকে কোটামুক্ত করে বিএসসিদের জন্য সুযোগ করে দেয়া এবং বিএসসি ছাড়া যেন কেউ প্রকৌশলী পদবী ব্যবহার না করতে পারে তা নিশ্চিত করা।