নিরাপত্তাশঙ্কায় ক্রিকেট দল না পাঠালেও শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতি

নিরাপত্তাশঙ্কায় ক্রিকেট দল না পাঠালেও শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতি

সংগ্রহীত ছবি

নিরাপত্তাশঙ্কার কারণে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল পাঠায়নি সরকার। তবে একই সময়ে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশের শুটিং দলকে অনুমতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

গতকাল শুটিং দলের ভারত সফরের জন্য সরকারি আদেশ (জিও) জারি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আন্তর্জাতিক এই প্রতিযোগিতা আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।

 

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতাটি ইনডোর এবং সংরক্ষিত এলাকায় অনুষ্ঠিত হওয়ায় বড় ধরনের নিরাপত্তাঝুঁকি নেই বলে মনে করা হচ্ছে। এ প্রসঙ্গে যুব ও ক্রীড়াসচিব মো. মাহবুব-উল-আলম দেশের এক জাতীয় দৈনিককে বলেন, ‘বাংলাদেশ দলে একজন খেলোয়াড় ও একজন কোচ। ছোট দল। তা ছাড়া স্থানীয় আয়োজকেরা আমাদের নিশ্চয়তা দিয়েছে যে নিরাপত্তার কোনো সমস্যা হবে না।

প্রতিযোগিতা হবে ইনডোরে এবং সংরক্ষিত এলাকায়। ফলে নিরাপত্তার সংকট হবে না আশা করা যায়। সব দিক বিবেচনা করেই শুটিং দলকে ভারতের যাওয়ার অনুমতি দিয়েছে সরকার।’

 

এই সফরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকছেন দেশের অন্যতম সেরা শুটার রবিউল ইসলাম।

তিনি ৫ ফেব্রুয়ারি প্রতিযোগিতায় অংশ নেবেন। দলের কোচ হিসেবে থাকছেন শারমিন আক্তার।