হোটেল রুমে গোপন ক্যামেরা? আপনার স্মার্টফোনই হতে পারে রক্ষাকবচ
ছবি: সংগৃহীত
ভ্রমণের আনন্দ বহুগুণ বেড়ে যায় যখন আমরা কোনো পছন্দের জায়গায় ঘুরতে যাই। কিন্তু বর্তমান সময়ে হোটেল রুমে গোপন ক্যামেরার ভয় অনেকের মনেই একরাশ দুশ্চিন্তা বয়ে আনে। গোপনীয়তা এবং নিরাপত্তা ঝুঁকির এই যুগে বিশেষ কোনো গ্যাজেট ছাড়াই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই আপনি রুমের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।
ফ্ল্যাশলাইটের মাধ্যমে গোপন ক্যামেরা শনাক্তকরণ
গোপন ক্যামেরা খুঁজে বের করার অন্যতম কার্যকর উপায় হলো ফোনের ফ্ল্যাশলাইট ব্যবহার করা। এর জন্য প্রথমে ঘরের সমস্ত আলো নিভিয়ে অন্ধকার করে দিন। এরপর ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে এয়ার ভেন্ট, স্মোক ডিটেক্টর, অ্যালার্ম ক্লক কিংবা আয়নার মতো সম্ভাব্য জায়গাগুলোতে আলো ফেলুন। যদি কোথাও কোনো লেন্সের মতো প্রতিফলিত সারফেস বা উজ্জ্বল কিছু চোখে পড়ে, তবে সেই জায়গাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করুন।
ইনফ্রারেড আলো পরীক্ষা
অনেক আধুনিক ক্যামেরায় ইনফ্রারেড প্রযুক্তি থাকে যা খালি চোখে দেখা যায় না, তবে ফোনের ক্যামেরায় সেটি ধরা পড়ে। ঘরের আলো নিভিয়ে স্মার্টফোনের ক্যামেরা অ্যাপটি চালু করুন এবং সন্দেহজনক জায়গাগুলোর দিকে ক্যামেরা প্যান করুন। যদি ফোনের স্ক্রিনে কোনো ছোট উজ্জ্বল ডট বা পালসিং গ্লো (এক ধরণের মৃদু আলো) দেখা যায়, তবে বুঝবেন সেখানে গোপন ক্যামেরা থাকার সম্ভাবনা প্রবল।
ক্যামেরা-ডিটেকশন অ্যাপের ব্যবহার
অ্যানড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মে এমন কিছু অ্যাপ রয়েছে যা বিশেষভাবে গোপন ক্যামেরা শনাক্ত করার জন্য তৈরি। এই অ্যাপগুলো ফোনের সেন্সর এবং ক্যামেরা ব্যবহার করে ইনফ্রারেড লাইট, ম্যাগনেটিক ফিল্ড কিংবা কোনো অস্বাভাবিক সিগন্যাল স্ক্যান করতে পারে। ফলে খুব সহজেই সন্দেহজনক ডিভাইসের অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়।
ওয়াই-ফাই ও ব্লুটুথ নেটওয়ার্ক পরীক্ষা
আজকালকার ওয়্যারলেস হিডেন ক্যামেরাগুলো ফুটেজ পাঠানোর জন্য সাধারণত হোটেলের ওয়াই-ফাই ব্যবহার করে। আপনার ফোনের ওয়াই-ফাই সেটিংসে গিয়ে কানেক্টেড ডিভাইসের তালিকা পরীক্ষা করে দেখুন। যদি কোনো অপরিচিত বা সন্দেহজনক ডিভাইসের নাম খুঁজে পান, তবে সতর্ক হোন। একইভাবে ব্লুটুথ ব্যবহার করেও কাছাকাছি থাকা লুকানো ডিভাইস স্ক্যান করতে পারেন।
নিরাপত্তার স্বার্থে কোনো সন্দেহজনক ডিভাইস খুঁজে পেলে দ্রুত হোটেল ম্যানেজমেন্ট কিংবা স্থানীয় প্রশাসনকে অবহিত করা উচিত।