আমার সব আশা শেষ হয়ে গেছে: সন্তান হারিয়ে আর্তনাদ বাবার
সংগৃহীত ছবি
গভীর নলকূপের জন্য খোঁড়া গর্তে পড়ে যাওয়া শিশুটিকে চার ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর গ্রামে পরিত্যক্ত একটি নলকূপের গর্তে পড়ে তিন বছরের শিশু মিজবাহর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার স্থানীয়ভাবে শিশুটিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাণ ফিরে পায়নি।
শিশুর বাবা সাইফুল ইসলাম বলেন, আমি দিনমজুর হলেও আমাদের সংসারে সুখের কমতি ছিল না। এক কন্যা সন্তানের পর মিজবাহ আমাদের কোল আলো করেছে। কিন্তু এখন সেই সুখ আর নেই। নলকূপের গর্ত সব কিছু কেড়ে নিয়েছে। আমার সব আশা শেষ হয়ে গেছে। ঘটনার সময় মিজবাহ ভাই-বোনের সঙ্গে খেলছিল। হঠাৎ খবর আসে, সে পড়ে গেছে। গর্তে আটকে থাকা ছেলেকে উদ্ধারের জন্য নিজের হাতে অনকে চেষ্টা করছি, কিন্তু সফল হইনি। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও প্রশাসনের লোকজন প্রায় সাড়ে চার ঘণ্টা চেষ্টা করে শিশুটিকে উদ্ধার করেন।
স্থানীয় বাসিন্দা মো. কালু বলেন, প্রথমে যে গর্ত খনন করা হয়েছিল, সেখানে পানি পাওয়া যায়নি। পরে পাশে আরেকটি গর্ত খনন করা হয়। কিন্তু আগের গর্তটি ভরাট করা হয়নি। এ কারণে এ ধরনের বিপদ ঘটেছে। দ্রুত ভরাট করা উচিত, নইলে আরও দুর্ঘটনা ঘটতে পারে।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তিনি বলেন, আশ্রয়ন প্রকল্পের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর প্রায় চার বছর আগে নলকূপ বসিয়েছিল, কিন্তু পর্যাপ্ত পানি না পাওয়ায় পাশের গর্ত করা হয়েছিল।
রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম জানান, পরিত্যক্ত নলকূপে পড়ার ঘটনায় শিশুর বাবা সাইফুল ইসলাম একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। কারো গাফিলতি আছে কি না, বিষয়টি আমরা তদন্ত করছি।