ঢাবিতে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৬ শুরু
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আজ শনিবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড (বিডিইও) ২০২৬’-এর জাতীয় পর্ব। ২০১৯ সালে যাত্রা শুরু করা এই আয়োজনের এটি অষ্টম আসর।
দেশব্যাপী তরুণ শিক্ষার্থীদের মধ্যে অর্থনীতি শিক্ষার প্রসার এবং বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা গড়ে তোলাই এই অলিম্পিয়াডের মূল লক্ষ্য।
জাতীয় পর্যায়ের মূল পর্বের আগে সিলেট, রাজশাহী ও চট্টগ্রামে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়। সেখান থেকে নির্বাচিত শিক্ষার্থীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তিনটি বিভাগে—জুনিয়র, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্সড। প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের অর্থনৈতিক যুক্তি, তাত্ত্বিক জ্ঞান ও সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করা হবে।
অলিম্পিয়াডের কার্যক্রম শুরু হবে সকাল ৮টা ৩০ মিনিটে নিবন্ধনের মাধ্যমে। বাছাই পরীক্ষা শেষে দুপুর ১১টা ৪৫ মিনিটে শুরু হবে মূল অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।
এবারের আয়োজনে অর্থনীতির পাশাপাশি আধুনিক ব্যাংকিং ব্যবস্থা নিয়েও বিশেষ সেশন রাখা হয়েছে। পূবালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা ডিজিটাল ব্যাংকিং ও এসএমই ব্যাংকিংয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন। অনুষ্ঠান শেষে প্রতিটি বিভাগের শীর্ষ তিন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা, যা দীর্ঘদিন ধরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের অর্থনৈতিক জ্ঞান ও বিশ্লেষণী সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রেখে আসছে।