বিকাশকর্মীকে গুলি করে টাকা লুটের অভিযোগ, গ্রেফতার ৩
প্রতিকি ছবি
গাজীপুরের টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে টাকা লুটে নেয়ার ঘটনায় জড়িত তিন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-টঙ্গীর আনারকলি রোডের মুন্সিপাড়া এলাকার মৃত রইছ মিয়া সরকারের ছেলে রাজিব হাসান লিটন (৩৭), দক্ষিণ আরিচপুর এলাকার মৃত হারুন অর রশিদ ব্যাপারীর ছেলে শহীদুল ইসলাম (৪৪) ও নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর লোটিয়া, ওসখালী গ্রামের সুরেশ চন্দ্র শীলের ছেলে সঞ্জয় চন্দ্র শীল (৩৫)।
শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. রাকিব হাসান।
র্যাব জানায়, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় টঙ্গী বাজার মেসার্স ডে এন্ড সন্স এর দুইজন বিকাশ মানি কালেক্টর মোঃ আজাদ ও আরিফুর রহমান বিভিন্ন বিকাশ সেন্টার থেকে টাকা কালেকশন করে মোটরসাইকেলযোগে টঙ্গীবাজার সেনাকল্যাণ ভবনের বিকাশ অফিসে যাচ্ছিলেন। পরে সন্ধ্যা ৭টার দিকে পূর্ব থেকে উৎপেতে থাকা একদল দুর্বৃত্ত তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৪ লক্ষ ৭৭ হাজার টাকা লুটে নেয়ার চেষ্টা করে। এসময় তারা বাঁধা দিলে বিকাশকর্মীদের গুলি করে ও কুপিয়ে যখম করে টাকাভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এই ঘটনা টঙ্গী পূর্ব থানায় মামলা হলে পুলিশের পাশাপাশি তদন্তে নামে র্যাব। এরপর তথ্য প্রযুক্তির সহযোগিতায় ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের গাছা, টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাদেরকে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়