ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ৩০ দফা ইশতেহার ঘোষণা
সংগৃহীত ছবি
জুলাই গণহত্যা, মসজিদ, মাজার এবং মন্দির ভাংচুরের বিচার নিশ্চিত করাসহ ৩০ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে দলীয় কার্যালয়ে আজ রবিবার এই ইশতেহার ঘোষণা করা হয়।
এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী। লিখিত ইশতেহার পাঠ করেন মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মুহাম্মদ তরিকুল হাসান লিংকন, মাওলানা মনির হোসাইন, ইকবাল সোবহান এ্যাপোলো, মুহাম্মদ সাদ্দাম হোসেন কায়সার, এস এম তারেক হোছাইন প্রমুখ।
ইশতেহারে নির্বাচন পদ্ধতির সংস্কার, স্বাধীন নির্বাচন কমিশন গঠন, দুর্নীতির মুলোৎপাটন, শিক্ষা পদ্ধতির সংস্কার, কৃষি ও গ্রামীণ উন্নয়নে কৃষি নির্ভর শিল্পের প্রসার ও কৃষিকে উৎসাহিত করা, শিল্প-বাণিজ্যের সম্প্রসারণ, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবার উন্নয়ন, তথ্য-প্রযুক্তির উন্নয়ন, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ, শিশু অধিকার সুরক্ষা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, প্রশাসনিক স্বচ্ছতা আনয়ন, পরিবেশ বিপর্যয় রোধ, উন্নত প্রশিক্ষণ, আধুনিক সমর সাজ-সরঞ্জামে সজ্জিত একটি দক্ষ প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলাসহ নানা বিষয় তুলে ধরা হয়।