বন্দরের বিদেশি লিজ বাতিলের দাবি স্টুডেন্টস ফর সভরেন্টির
সংগৃহীত ছবি
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের হাতে লিজ দেয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করতে হবে, এই দাবিতে হুশিয়ারি দিয়েছে স্টুডেন্টস ফর সভরেন্টি। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেশের স্বার্থ বিকিয়ে তড়িঘড়ি করে সিন্ডিকেটের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং সরকারকে অবিলম্বে দেশের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নিতে হবে বলে তারা দাবি করেছে।
রবিবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
সংগঠনটির নেতারা বলেন, চট্টগ্রাম বন্দরের একমাত্র বিশ্বমানের কনটেইনার টার্মিনালকে দীর্ঘমেয়াদে বিদেশি কনসেশনিয়ারের নিয়ন্ত্রণে দেওয়া হলে দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়তে পারে। দেশীয় প্রতিষ্ঠানকে বিডের সুযোগ না দিয়ে এবং উন্মুক্ত দরপত্র ছাড়া এই চুক্তি সম্পন্ন করার চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে স্টুডেন্টস ফর সভরেন্টির আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক, যুগ্ম আহ্বায়ক মুহিউদ্দিন রাহাত, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, জুবায়েদুল ইসলাম শিহাব, জাবির বিন মাহবুব ও আল আমিনসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।