লক্ষ্মীপুরে রাজস্ব ফাঁকি দেওয়া নকল আকিজ বিড়ি জব্দ
ছবি: প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের মিয়ার বেড়ী বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে অভিযান চালিয়ে এসব নকল বিড়ি জব্দ করেন স্থানীয় ছাত্র-জনতা ও আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের কর্মকর্তারা।
স্থানীয়রা জানায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে নকল বিড়ি বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের মিয়ার বেড়ী বাজারের হোলসেলস দোকানে অভিযান চালায় স্থানীয় ছাত্র-জনতা ও আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের কর্মকর্তারা।
এসময় মিয়ার বেড়ী বাজারের সাইফুল ইসলাম শিপনের দোকান থেকে সাত হাজার (৭,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়। অভিযান শেষে জব্দকৃত নকল বিড়ি জন সম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া ভবিষ্যতে নকল বিড়ি বিক্রি না করা শর্তে অভিযুক্ত ব্যবসায়িকে ছেড়ে দেওয়া হয়।
আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক (ইনচার্জ) মো. জসিম উদ্দিন জানান, আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের সুনাম নষ্ট করতে কিছু অসাধু চক্র নকল আকিজ বিড়ি তৈরি করছে। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে তারা বিড়িতে নকল ব্যান্ডরোল ব্যবহার করে কম দামে বিড়ি বিক্রি করছে। এতে সরকার বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে। নকল বিড়ি বন্ধ করতে পুলিশ, র্যাব, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহযোগীতা কামনা করছি।