সাবেক দুই আইজিপিসহ ১০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ

সাবেক দুই আইজিপিসহ ১০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ

ফাইল ছবি

২০১৬ সালে গাজীপুরের পাতারটেকে ‘জঙ্গি সাজিয়ে’ সাতজনকে হত্যার অভিযোগে সাবেক দুই আইজিপিসহ ১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এ অভিযোগ দাখিল করে বলে গণমাধ্যমকে জানিয়েছেন কৌঁসুলি গাজী এম এইচ তামিম।

এ মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন—সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া, সাবেক অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম, ডিএমপির সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ।

প্রসিকিউশন জানায়, দীর্ঘ তদন্তের পর চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ মামলার প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। এরপর যাচাই-বাছাই শেষে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে আজ জমা দেওয়া হয়েছে। এ নিয়ে শুনানির পর পরবর্তী দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল।

প্রসঙ্গত, পাতারটেকের ওই ঘটনায় নিহত সাতজনের একজন ছিলেন ইবরাহীম। তিনি যাত্রাবাড়ীর একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন। চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিচারবহির্ভূতভাবে ছেলেকে গুমসহ হত্যার দায়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ করেন ইবরাহীমের বাবা।