চীনে লুকিয়ে থাকা গাড়ির দরজার হাতল নিষিদ্ধ
ছবিঃ সংগৃহীত।
চীন বৈদ্যুতিক যানবাহনে (ইভি) লুকানো দরজার হাতল নিষিদ্ধ করেছে। যার ফলে চীন হলো প্রথম দেশ, যেখানে বিলিয়নিয়ার ইলন মাস্কের টেসলার জনপ্রিয় বিতর্কিত নকশার ব্যবহার বন্ধ করা হয়েছে।চীনে শাওমি ইভি-এর সঙ্গে জড়িত দুটি মারাত্মক দুর্ঘটনার পাশাপাশি আরো কয়েকটি গুরুতর ঘটনার পর বিশ্বজুড়ে নিরাপত্তা পর্যবেক্ষকরা বৈদ্যুতিক যানবাহনগুলো তদন্তের মুখোমুখি হচ্ছেন।
সন্দেহ করা হচ্ছে, দুর্ঘটনাগুলোতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে গাড়ির দরজা খোলেনি।
রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী গাড়িগুলো কেবল তখনই বিক্রির অনুমতি পাবে, যদি তাদের দরজার ভিতরে এবং বাইরে উভয় স্থানে যান্ত্রিক রিলিজ ব্যবস্থা থাকে। নতুন নিয়মগুলো ১ জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর হবে।
শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নিয়ম অনুসারে, বুট ছাড়া প্রতিটি যাত্রীর দরজার বাইরের দিকে ৬ সেমি (২ ইঞ্চি) বাই ২ সেমি বাই ২.৫ সেমি মাপের একটি ফাঁকা জায়গা থাকা বাধ্যতামূলক, যাতে হ্যান্ডেলটি প্রবেশের সুযোগ পায়।
গাড়ির ভেতরে দরজা খোলার পদ্ধতি দেখানোর জন্য কমপক্ষে ১ সেমি বাই ০.৭ সেমি মাপের সাইনবোর্ড থাকতে হবে।
যেসব গাড়ি ইতিমধ্যেই কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে এবং চীনা বাজারে প্রবেশের শেষ পর্যায়ে রয়েছে, তাদের নকশা আপডেট করার জন্য আরো দুই বছরের সময় থাকবে।
চীনের নতুন শক্তি যানবাহন (এনইভি) বাজারে লুকানো হ্যান্ডেলগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যার মধ্যে ইলেকট্রিক ভেহিকল (ইভি), হাইব্রিড গাড়ি এবং ব্যাটারি চালিত অন্যান্য গাড়ি অন্তর্ভুক্ত। সরকার-নিয়ন্ত্রিত সংবাদপত্র চায়না ডেইলির উদ্ধৃতিতে বলা হয়েছে, শীর্ষ ১০০টি সর্বাধিক বিক্রিত এনইভির প্রায় ৬০ শতাংশতে এই ধরনের হ্যান্ডেল ব্যবহৃত হয়েছে।
যদিও এই নিয়ম কেবল চীনে বিক্রি হওয়া মডেলগুলোর জন্য প্রযোজ্য, দেশটির বিশাল বাজারের কারণে এর প্রভাব বিশ্বজুড়ে গাড়ি শিল্পে পড়ার সম্ভাবনা রয়েছে।
ইলন মাস্কের টেসলার দরজার হ্যান্ডেল ইতিমধ্যেই মার্কিন নিরাপত্তা কর্তৃপক্ষের নজরে রয়েছে এবং ইউরোপীয় কর্তৃপক্ষও তাদের নিজস্ব নিয়ম বিবেচনা করছে।
নভেম্বর মাসে, মার্কিন ন্যাশনাল হাইওয়ে ট্র্যাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন টেসলার বৈদ্যুতিক দরজার হ্যান্ডেল নিয়ে একটি তদন্ত শুরু করে।
অভিযোগ অনুযায়ী, হ্যান্ডেল হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়, যার ফলে শিশুরা গাড়ির মধ্যে আটকা পড়ে। তারা জানিয়েছে, টেসলার ২০২১ মডেল ওয়াই-এর হ্যান্ডেল সম্পর্কিত নয়টি অভিযোগ পেয়েছে, যা কম্পানির ফ্ল্যাগশিপ মডেল। চারটি ক্ষেত্রে গাড়ির মালিক সমস্যার সমাধান করতে জানালা ভেঙে হ্যান্ডেল ব্যবহার করেছেন।