তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম

তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম

ফাইল ছবি

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে দলটির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম বলেছেন তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা।

তিনি আরও বলেন, একসময় এই দেশের নেতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার অবর্তমানে ছিলেন বেগম খালেদা জিয়া। আর এখন দেশের মানুষ যাকে গ্রহণ করেছে, তিনি তারেক রহমান।

বুধবার রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের দিন যত নিকটবর্তী হচ্ছে, জামায়াতের আচরণ তত অস্বাভাবিক হয়ে উঠছে উল্লেখ করে আবদুস সালাম বলেন, এখন ধৈর্য ধরার সময়। ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে। নইলে ১২ তারিখের পর শুয়ে পড়তে হতে পারে। যদি বেশি অধৈর্য হন, তাহলে বইসা যান।

তারেক রহমানের বিষয়ে কথা বলার সময় সম্মান বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি জামায়াতের আমির সম্পর্কেও সম্মান রেখেই কথা বলে। নারীদের বিষয়ে জামায়াতের অবস্থানের সমালোচনা করা হলেও সেটিও সম্মানের সঙ্গেই করা হয়।

আবদুস সালাম বলেন, ইনশাল্লাহ তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। বাংলাদেশকে বাঁচাতে হলে এবং দেশকে রক্ষা করতে হলে তারেক রহমানের কোনো বিকল্প নেই।

নির্বাচনের দিন ভোট দেওয়ার পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সকাল সকাল ভোট কেন্দ্রে চলে যাবেন। কোথাও কারচুপি হতে দেওয়া যাবে না। ফলাফল গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, যাতে কেউ ভোট ডাকাতি করে নিয়ে যেতে না পারে।

আগামী ১২ তারিখ জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার গঠিত হলে দেশ স্থিতিশীল হবে উল্লেখ করে আবদুস সালাম বলেন, তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকারই দেশকে সামনে এগিয়ে নিতে পারবে।