কক্সবাজারে জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ৩৪ জেলে আটক

কক্সবাজারে জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ৩৪ জেলে আটক

সংগৃহীত ছবি

কক্সবাজারে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ৩৪ জেলেকে আটক করেছেন কোস্ট গার্ড।

শনিবার (৭ ফেব্রুয়ারি)  কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা ও সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা কর্তৃক কক্সবাজার সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। এসময় জব্দকৃত বোট তল্লাশি করে প্রায় ৩১ লাখ টাকা মূল্যের ১২টি ট্রলিং জাল ও এক হাজার কেজি সামুদ্রিক মাছসহ ৩৪ জেলেকে আটক করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে চট্টগ্রামের সামুদ্রিক মৎস্য পরিদর্শকের উপস্থিতিতে জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোট হতে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয় এবং মুচলেকা নিয়ে মালিক পক্ষের কাছে বোটটি হস্তান্তর করা হয়। অবৈধ ট্রলিং জাল বিনষ্ট করা হয়। জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামে বিক্রয় করে জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।