যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণমিছিলে জনতার ঢল
সংগৃহীত ছবি
যাত্রাবাড়ীতে বিশাল গণমিছিল করেছেন ঢাকা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী। শনিবার দুপুরে শহীদ ফারুক সড়ক থেকে গণমিছিলটি শুরু হয়। এরপর ডেমরা রোডের মৃধাবাড়ি, ডিএনডি খালপাড় হয়ে স্টাফ কোয়ার্টারে গিয়ে তা শেষ হয়।
গণমিছিল উপলক্ষে দুপুরের আগে থেকেই শহীদ ফারুক সড়ক এলাকায় জড়ো হতে থাকেন নারী-পুরুষসহ বিভিন্নস্তরের মানুষ। বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সব শ্রেণি-পেশার সাধারণ মানুষের অংশগ্রহণে মিছিলে ঢল নামে জনতার।
গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ধানের শীষের প্রার্থী নবীউল্লাহ নবী বলেন, ২০২৬ এর জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতি গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা রেখে দেশের সর্বস্তরের মানুষ আজ বিএনপির দিকে চেয়ে আছে। তারা আশায় বুক বেঁধেছে। জনগণের সেই আশা-প্রত্যাশার একমাত্র দল বিএনপি। বিএনপিই পারবে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে।
তিনি আরও বলেন, ঢাকা-৫ আসনে পর্যাপ্ত হাসপাতাল, সরকারি বিশ্ববিদ্যালয়, খেলাধুলার মাঠ কিংবা শিশু পার্ক; কোনোটিই নেই। অল্প বৃষ্টিতেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। স্বাধীনতার পর এখন পর্যন্ত এর কোনো স্থায়ী সমাধান হয়নি। আমি নির্বাচিত হলে স্থানীয় জনগণের সঙ্গে আলোচনা করে তাদের চাহিদা অনুযায়ী এসব সমস্যার সমাধানে কাজ করার অঙ্গীকার করছি।
এছাড়া এ আসনে গ্যাসের তীব্র সংকটের কথা উল্লেখ করে নবীউল্লাহ নবী বলেন, গ্যাস সংকট কীভাবে সমাধান করা যায়, তা নিয়ে আমি অবশ্যই কাজ করব। ইতিমধ্যে এলাকাবাসীকে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও বিষয়টি জানিয়েছি।