বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি, আখাউড়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা
সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ জানান, উপজেলার তন্তর বাজারে অভিযান চালিয়ে তাজ ট্রেডিং করপোরেশন ও আমিন ইলেকট্রনিক্সে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে দোকান দুটিতে মূল্য তালিকাও টাঙানো ছিল না।
এ কারণে তাজ ট্রেডিং করপোরেশনকে এক লাখ টাকা এবং আমিন ইলেকট্রনিক্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, বাজারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।