ওয়াশিংটন পোস্টের সিইও উইল লুইসের পদত্যাগ

ওয়াশিংটন পোস্টের সিইও উইল লুইসের পদত্যাগ

ছবিঃ নিউইয়র্ক টাইমস

ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইল লুইস পদত্যাগ করেছেন।ব্যাপক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ার কয়েক দিনের মধ্যেই তাঁর এই বিদায়ের কথা জানাল পত্রিকাটি। ব্যাপক কর্মী ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত ঘিরে প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে তীব্র প্রতিক্রিয়া সমালোচনার মুখে পড়েছে পত্রিকাটি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় লুইস বলেন, সরে দাঁড়ানোর এটাই উপযুক্ত সময়। তিনি জানান, প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিশ্চিত করতে ‘কঠিন সিদ্ধান্ত’ নিতে হয়েছে। সাম্প্রতিক পদক্ষেপগুলোর চাপের কথাও তিনি স্বীকার করেন। তবে জ্যেষ্ঠ সম্পাদক ম্যাট মারে বলেন, আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই এই ছাঁটাই প্রয়োজন ছিল।

চলতি সপ্তাহের শুরুতে ওয়াশিংটন পোস্ট জানায়, তারা মোট কর্মীর প্রায় এক-তৃতীয়াংশ ছাঁটাই করবে। এর ফলে আন্তর্জাতিক ও ক্রীড়া বিষয়ক কভারেজ বড় আকারে কমানো হবে। ছাঁটাইয়ের তালিকায় ছিল পুরো মধ্যপ্রাচ্য ডেস্ক এবং কিয়েভভিত্তিক ইউক্রেন প্রতিনিধি। এ সিদ্ধান্তের প্রতিবাদে ওয়াশিংটনে পত্রিকাটির সদর দপ্তরের বাইরে বিক্ষোভও হয়।

পোস্টের সাবেক নির্বাহী সম্পাদক মার্টি ব্যারন এ সিদ্ধান্তকে বিশ্বের অন্যতম সেরা সংবাদসংস্থার ইতিহাসের সবচেয়ে অন্ধকার দিনগুলোর একটি বলে মন্তব্য করেন। এতে পত্রিকাটিকে ঘিরে পরিবর্তনের ব্যাপ্তি ও সাংবাদিক ও পাঠকদের উদ্বেগের প্রতিফলন ঘটেছে।

গত বছর প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে যোগ দেওয়া জেফ ডি’অনোফ্রিওকে ভারপ্রাপ্ত প্রকাশক ও প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সাবেক ডাও জোন্স সিইও ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশক লুইস ২০২৩ সালে আর্থিক ক্ষতি সামাল দিতে এই দায়িত্ব নেন।

মালিক জেফ বেজোসের অধীনে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত ও কর্মী ছাঁটাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে ওয়াশিংটন পোস্ট। ২০২৪ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী সমর্থনের দীর্ঘদিনের রীতি ভেঙে কোনো প্রার্থীকে সমর্থন না করার সিদ্ধান্ত নেয় পত্রিকাটি, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং কয়েক দশ হাজার গ্রাহক হারাতে হয়।

এ ছাড়া মতামত বিভাগ পুনর্গঠনের অংশ হিসেবে ‘ব্যক্তিস্বাধীনতা ও মুক্তবাজার’-কেন্দ্রিক অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়ায় মতামত বিভাগের সম্পাদক পদত্যাগ করেন। বেজোস তখন জানান, ব্যক্তিস্বাধীনতা ও মুক্তবাজারকেন্দ্রিক অবস্থানের বিপরীত মত প্রকাশ করা হবে না।