জেনে নিন শিম খাওয়ার উপকারিতা সম্পর্কে

জেনে নিন শিম খাওয়ার উপকারিতা সম্পর্কে

ছবিঃ সংগৃহীত।

শীতের মৌসুম এখনো শেষ হয়নি। বাজারে প্রচুর পরিমাণে শিম এখনো পাওয়া যায়।আর দামেও সস্তা। কারণ শিম একটি পুষ্টিকর শীতকালীন সবজি, যা ফাইবার, প্রোটিন, ভিটামিন সি ও খনিজ উপাদানে ভরপুর। আর শিম আপনার হৃদরোগের ঝুঁকি কমায়, হজমে সহায়তা করে এবং চুল পড়া রোধ করে।

তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তাই অতিরিক্ত শিম খেলে পেট ফাঁপা, গ্যাস কিংবা হজমের সমস্যা হতে পারে। এ ছাড়া কিডনির সমস্যায় আক্রান্তদের অক্সালেটের কারণও হতে পারে। তাই কিডনি রোগীদের এড়িয়ে চলাই ভালো। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে।

চলুন জেনে নেওয়া যাক, শীতের সবজি শিম আপনার জন্য কতটা উপকারী—

১. হজমে সহায়তা করে শিম। এতে প্রচুর আঁশ বা ফাইবার থাকায় এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়া ভালো রাখে।

২. হৃদরোগ প্রতিরোধ করে শিম। এ সবজি নিয়মিত খেলে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায়, যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

৩. ওজন নিয়ন্ত্রণে রাখে শিম। কারণ এতে ক্যালোরি কম থাকে। আপনি ওজন কমাতে চাইলে ডায়েটে রাখতে পারেন শিম।

৪. চুল ও ত্বকের ভীষণ উপকারী শিম। কারণ ক্যালসিয়াম, জিংক ও অন্যান্য মিনারেল থাকায় এটি চুল পড়া রোধ করে এবং চুলের স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখে।

৫. ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে শিম। এ সবজি শর্করা ও ক্যালোরির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

৬. হাড়ের স্বাস্থ্য ঠিক রাখে শিম। এ সবজির মধ্যে থাকা ভিটামিন ও ফসফরাস হাড়ের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী।

এবার জেনে নিন আপনার স্বাস্থ্যের জন্য শিমের অপকারিতা—

১. অতিরিক্ত শিম খেলে পেট ফাঁপা, গ্যাস ও পেটের অস্বস্তি হতে পারে।

২. কিডনি সমস্যা বাড়বে। শিমে অক্সালেট থাকে, তাই কিডনি বা পিত্তথলিতে পাথরের সমস্যা থাকলে এটি এড়িয়ে চলা উচিত।

৩. শিমে থাকা ফাইটিন অ্যাসিড ক্যালসিয়াম ও জিংকের মতো খনিজগুলো শরীর দ্বারা শোষণে বাধা দিতে পারে।

৪. অ্যালার্জি বাড়ার সম্ভাবনা আছে। আর শিম খাওয়ার ফলে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে।