জুলাই যোদ্ধাদের কারণেই আজ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি: আলতাফ হোসেন

জুলাই যোদ্ধাদের কারণেই আজ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি: আলতাফ হোসেন

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ আলতাফ হোসেন চৌধুরী বলেছেন,  জুলাই যোদ্ধাদের কারণে আজ আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি এবং একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন করার সুযোগ তৈরি হয়েছে।

সোমবার বিকেলে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা লুটপাট, অন্যায়, অত্যাচার ও ধর্ষণের সঙ্গে জড়িত ছিল, ৫ আগস্টের পর তারা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। মোদি সরকার কলকাতায় তাদের জন্য অফিস করে দিয়েছে। আওয়ামী লীগ এ দেশে আর কখনো নির্বাচন করতে পারবে না।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিভিন্ন জরিপে বিএনপি অনেক এগিয়ে থাকলেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতর্ক করে দিয়েছেন—এই নির্বাচন সহজ হবে না। নানা ধরনের ষড়যন্ত্র চলছে।

তিনি অভিযোগ করে বলেন, একটি দল নাকি চার কোটি মাস্ক ও দুই কোটি বোরকা কিনেছে জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে। কেউ যেন মাস্ক পরে নারী ভোটকেন্দ্রে জাল ভোট দিতে না পারে, সে বিষয়ে নারীদের সতর্ক থাকতে হবে। তিনি ভোটারদের ফজরের নামাজের পর ভাগ ভাগ করে ভোটকেন্দ্রে যাওয়ার এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ না করার আহ্বান জানান।

জনসভায় কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও বক্তব্য দেন। বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।