যেভাবে ব্যস্ত মহাসড়কে আছড়ে পড়ল বিমান
ছবিঃ সংগৃহীত।
মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি ব্যস্ত রাস্তায় জরুরি অবতরণের সময় যানবাহনের সঙ্গে ধাক্কা খায় একটি ছোট উড়োজাহাজ।স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একক ইঞ্জিনের প্রশিক্ষণ বিমানটি বিমানবন্দরে ফিরে যাওয়ার মতো সক্ষমতা না থাকায় পাইলট এটিকে মহাসড়কেই জরুরি অবতরণ করাতে বাধ্য হন। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে।
দেশটির জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড জানিয়েছে, ঘটনাটি ঘটে যাওয়ার সময় বিমানটি গেইনসভিলের লি গিলমার মেমোরিয়াল বিমানবন্দর থেকে ক্যান্টনের চেরোকি কাউন্টি আঞ্চলিক বিমানবন্দরে যাচ্ছিল। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানায়, হকার বিচক্রাফট বিই-৩৬ মডেলের বিমানটির পাইলট স্থানীয় সময় সোমবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ইঞ্জিন সমস্যার কারণে জরুরি অবতরণ করেন।
বিমান ছাড়ার কিছুক্ষণ পরেই পাইলট ইঞ্জিনে সমস্যা অনুভব করেন এবং গেইনসভিলের দিকে ফিরে সেখানে অবতরণের সিদ্ধান্ত নেন। বিমানবন্দরে পৌঁছানোর জন্য বিমানটির পর্যাপ্ত শক্তি ছিল না, তাই পাইলট একটি সড়কে জোরপূর্বক অবতরণ করেন, যেখানে বিমানটি তিনটি গাড়িকে ধাক্কা দেয়।
সংস্থাটি জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখবে। ভিডিওতে দেখা যায়, ছোট উড়োজাহাজটি ব্যস্ত সড়কে নামার পর বেশ কয়েকটি গাড়ির সঙ্গে ধাক্কা খাচ্ছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটিতে বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন। পুলিশ আরো জানিয়েছে, অবতরণের পরে বিমানের ডান ডানা একটি গাড়িকে ধাক্কা দেয় এবং বিমানের জ্বালানি ট্যাঙ্কটি আলগা হয়ে যায়।