দিনাজপুরে অধিক ঝুঁকিপূর্ণ ২৫৭ ভোটকেন্দ্র

দিনাজপুরে অধিক ঝুঁকিপূর্ণ ২৫৭ ভোটকেন্দ্র

ফাইল ছবি

দিনাজপুরে ছয়টি সংসদীয় আসনের ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ২৫৭টি ও ঝুঁকিপূর্ণ ২৮২টি কেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তা-ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দিনাজপুর জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১৩টি উপজেলার ৯টি পৌরসভা এবং ১০৩টি ইউনিয়নে ভোটকেন্দ্র রয়েছে। পুলিশের অনুসন্ধান ও সরকারি দায়িত্বশীল সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা স্বার্থে কেন্দ্রগুলো তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২৫৭টি, ঝুঁকিপূর্ণ ২৮২টি ও ৩০৫টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়।

নিরাপত্তা স্বার্থে অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে, দুজন অস্ত্রধারী পুলিশ সদস্য ও দুজন অস্ত্রধারী আনসার সদস্য এবং আটজন লাঠিধারী পুরুষ ও মহিলা আনসার সদস্য মোতায়েন থাকবে। 

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে অস্ত্রধারী একজন পুলিশ সদস্য ও দুজন আনসার সদস্য এবং আটজন লাঠিধারী পুরুষ ও মহিলা আনসার সদস্য মোতায়েন থাকবে। সাধারণ ভোটকেন্দ্রে অস্ত্রধারী একজন পুলিশ ও একজন আনসার সদস্য এবং ৮ জন লাঠিধারী পুরুষ ও মহিলা সদস্য মোতায়েন থাকবে। 

এছাড়া তিনটি ভোটকেন্দ্রের দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি টিম সার্বক্ষণিক কেন্দ্রগুলো টহল দেবেন। প্রত্যেকটি পৌরসভায় একটি এবং প্রত্যেক উপজেলায় দুটি করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে ঝটিকা টিম সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। 

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার শঙ্কা হলে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ঝটিকা টিম তাৎক্ষণিক হাজির হয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া প্রত্যেক উপজেলায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটগ্রহণের আগের দিন থেকে পরদিন পর্যন্ত আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত থাকবেন। 

এজন্য প্রত্যেক উপজেলা ও জেলা সদরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মনিটরিং কক্ষ স্থাপন করা হয়েছে। প্রত্যেকটি ভোটকেন্দ্র এই মনিটরিং কেন্দ্র থেকে ডিজিটাল পদ্ধতিতে সার্বক্ষণিক ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সব সদস্য ভোটের আগের দিন থেকে পরের দিন পর্যন্ত সমন্বয়ের মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে একযোগে কাজ করবেন।

জেলায় এবারে মোট ভোটার ২৬ লাখ ৬০ হাজার ৭৩৪ জন। এর মধ্যে পুরুষ ১৩ লাখ ২৯ হাজার ৪৫৭ জন এবং মহিলা ১৩ লাখ ৩১ হাজার ২৫৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ২২ জন।