ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কা প্রকাশ বিএনপির এমরানের

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কা প্রকাশ বিএনপির এমরানের

সংগৃহীত ছবি

সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি অভিযোগ করেছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে কালো টাকা বিতরণ, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং বহিরাগতদের দিয়ে মহড়া দেওয়া হচ্ছে।

মঙ্গলবার এসব অভিযোগ তুলে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সারওয়ার আলমের কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগপত্রে এমরান আহমদ চৌধুরী উল্লেখ করেন, সিলেট-৬ আসনের বিয়ানীবাজার উপজেলা প্রবাসী অধ্যুষিত এলাকা। নির্বাচনী প্রচারণার অজুহাতে সেখানে বহিরাগত ক্যাডার ও সন্ত্রাসীরা অবস্থান করছে। এতে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা তাকে জানিয়েছেন, এসব বহিরাগত সন্ত্রাসী বিভিন্ন ভোটকেন্দ্র দখল, জাল ভোট প্রদান এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ষড়যন্ত্র করছে।

অভিযোগে আরও বলা হয়, বহিরাগতরা সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছে এবং নগদ অর্থ দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের হুমকি-ধমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এমরান আহমদ চৌধুরী বলেন, নির্বাচনী আসনের গোলাপগঞ্জ উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করা হলেও বিয়ানীবাজারে তা করা হয়নি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা চলছে, তাতে বিয়ানীবাজার উপজেলায় সেনাবাহিনী মোতায়েন একান্ত প্রয়োজন বলে তিনি মনে করেন।