রাজধানীর রামপুরায় ফাঁস দেওয়া যুবকের লাশ উদ্ধার

রাজধানীর রামপুরায় ফাঁস দেওয়া যুবকের লাশ উদ্ধার

প্রতিকী ছবি

রাজধানীর পূর্ব রামপুরা এলাকার একটি বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মো. শফিকুল ইসলাম (৩১) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে ভূঁইয়া গলির ৪৩/এ বহুতল ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত শফিকুল ময়মনসিংহের গৌরীপুর থানার পশ্চিম পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

বর্তমানে পরিবারের সঙ্গে পূর্ব রামপুরার ওই বাসায় বসবাস করত।

রামপুরা থানার এসআই মো. মাকসুদুল হাসান কালের কণ্ঠকে বলেন, দুর্ঘটনার পর পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যুর বিষয়ে জানানো হয়। ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, শফিকুল মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

দীর্ঘদিন থেকে বেকার থাকার কারণে মায়ের কাছ থেকে হাত খরচের টাকা নিতেন। মঙ্গলবার সকালে মা টাকা না দেওয়ায় অভিমান করে সে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

মাকসুদুল হাসান বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

মৃত্যুর অন্য কোনো কারণ আছে কিনা, ময়নাতদন্তের প্রতিবেদনের পাশাপাশি তদন্তে তা বেরিয়ে আসবে। পরবর্তীতে সে অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে।