বগুড়ায় কিশোরের লাশ উদ্ধার
প্রতিকি ছবি
বগুড়ায় বাবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৬ বছর বয়সী আলিফ নামের এক কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের নিশিন্দারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলিফ বগুড়া পৌরসভার দক্ষিণ বৃন্দাবন পাড়া এলাকার মো. রিপন শাহ এর ছেলে। সে সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করার পর বাবার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিল।
জানা গেছে, রিপন শাহ এর মালিকানাধীন রিপন সার্ভিসিং সেন্টার ও রিকশা গ্যারেজের ভেতরে আলিফের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, আলিফের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।