চট্টগ্রামে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ
প্রতীকি ছবি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী জামিজুরি এলাকায় সালমা আক্তার (৩৫) নামে নিজ বাড়ি থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী নুরুল হুদা পারভেজ পলাতক রয়েছে। নিজের স্বামীই তাকে মেরেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
আজ সোমাবার সকালে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সালমা আক্তার একজন বাকপ্রতিবন্ধী। ৫ বছর আগে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে নুরুল হুদা বিয়ে করে। ১২ দিন আগে তাদের একটি কন্যাসন্তান জন্ম হয়েছে।
বিভিন্ন সময়ে স্ত্রীকে নির্যাতন করত নুরুল হুদা। সে মাদাকাসক্ত। রবিবার রাতে স্ত্রীকে শারীরিক নির্যাতন করে নুরুল হুদা। এতে ঘরেই সালমার মৃত্যু হয়।
পরে সোমবার সকালে স্বামী পারভেজ পালিয়ে গেছেন। সোমবার সকালে ৯৯৯ এ স্থানীয়রা ফোন করে ঘটনা জানালে সালমা আক্তারের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস খান কালের কণ্ঠকে বলেন, ৯৯৯ ফোন পেয়ে সকালে গিয়ে লাশ উদ্ধার করেছি। লাশের ঠোট ও গালে আঘাতের চিহ্ন আছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্বামী পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে। স্বামী বিভিন্ন সময় স্ত্রীকে নির্যাতন করত। নুরুল হুদা মাদক সেবন করত বলেও আমরা জানতে পেরেছি।