রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই
সংগৃহীত ছবি
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক যুবক ও এক নারী নিহত হয়েছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর পৃথক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম (৪৬) এবং শরীয়তপুর জেলার পালং উপজেলার কুয়ারপুর গ্রামের আব্দুল হকের মেয়ে নয়ন মনি। তিনি চা দোকানি আব্দুল হামিদের স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন জানিয়েছেন, সোমবার রাতে শ্যামপুর থানাধীন পোস্তগোলা ব্রিজের পাশে আব্দুর রহিম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন। পথচারীরা দেখতে পেয়ে থানায় সংবাদ দিলে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত পৌনে ৩টায় তার মৃত্যু হয়।
অন্যদিকে একই দিন সন্ধ্যা সোয়া ৬টায় মুগদা থানাধীন মুগদা হাসপাতালের পাশে স্টাফ বাসের ধাক্কায় নিহত হন নয়ন মনি (৪৬) নামের এক গার্মেন্টসকর্মী।
নিহতের স্বামী হামিদ জানিয়েছেন, তার স্ত্রী ওই এলাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। গার্মেন্টসের স্টাফ বাসে চড়ে মুগদা হাসপাতালের সামনে নেমে রাস্তা পার হওয়ার সময়ে ওই বাসেরই ধাক্কায় গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে মুগদা হাসপাতাল নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু তারেক দিপু তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠান। ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে স্বজনরা তার মরদেহ নিয়ে যান। এ ঘটনায় বাসসহ চালককে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।