আইফোন ১৮ প্রো সিরিজ: ২ এনএম চিপ ও শক্তিশালী ব্যাটারিতে আসছে

আইফোন ১৮ প্রো সিরিজ: ২ এনএম চিপ ও শক্তিশালী ব্যাটারিতে আসছে

ছবি: সংগৃহীত

স্মার্টফোনের বাজারে প্রতি বছরই নতুন উদ্ভাবন নিয়ে আসে অ্যাপল। তবে ২০২৬ সালের আসন্ন আইফোন ১৮ প্রো (iPhone 18 Pro) সিরিজ নিয়ে যে তথ্যগুলো ফাঁস হয়েছে, তা প্রযুক্তি বিশ্বে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। বিশেষ করে অ্যাপলের নিজস্ব ২ ন্যানোমিটার চিপ এবং ব্যাটারি সক্ষমতা বৃদ্ধির খবরটি এবার টেক প্রেমীদের নজর কেড়েছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, পারফরম্যান্স ও স্থায়িত্বের দিক থেকে এটি হতে যাচ্ছে আইফোনের ইতিহাসের অন্যতম বড় আপগ্রেড।

বিশ্বের প্রথম ২ ন্যানোমিটারের ‘এ২০ প্রো’ চিপ
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আইফোন ১৮ প্রো লাইনআপে ব্যবহার করা হবে অ্যাপলের পরবর্তী প্রজন্মের A20 Pro চিপসেট। এটি হবে ২ ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি বিশ্বের প্রথম মোবাইল চিপসেট। বর্তমানে ব্যবহৃত ৩ ন্যানোমিটার চিপের তুলনায় এটি অনেক বেশি শক্তিশালী এবং বিদ্যুৎ সাশ্রয়ী হবে। ফলে হাই-গ্রাফিক্স গেম খেলা বা ভারী এআই (AI) টাস্কের সময় ফোন গরম হওয়ার প্রবণতা অনেকটাই কমে যাবে।

ব্যাটারিতে বড় উল্লম্ফন
আইফোন ব্যবহারকারীদের দীর্ঘদিনের আক্ষেপ মেটাতে এবার বড় ব্যাটারি নিয়ে আসছে অ্যাপল। ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী-

গ্লোবাল ভ্যারিয়েন্ট: আন্তর্জাতিক বাজারে আইফোন ১৮ প্রো ম্যাক্স ৫,১০০ থেকে ৫,২০০ mAh ব্যাটারিসহ আসতে পারে।

চীনা ভ্যারিয়েন্ট: চীনের বাজারে ফিজিক্যাল সিম ব্যবহারের সীমাবদ্ধতার কারণে ব্যাটারি কিছুটা ছোট অর্থাৎ ৫,০০০ এমএএইচ হতে পারে।

অ্যাপল সাধারণত সরাসরি ব্যাটারির তথ্য প্রকাশ না করলেও বিভিন্ন টেস্টিং রিপোর্টে দেখা গেছে, উন্নত হার্ডওয়্যার ও আইওএস (iOS)-এর সুষম সমন্বয়ে এটি আইফোনের ইতিহাসে দীর্ঘতম ব্যাটারি ব্যাকআপ দেবে।

ডিজাইন ও ক্যামেরা প্রযুক্তি
ডিজাইনের ক্ষেত্রে আইফোন ১৮ প্রো সিরিজ খুব বেশি বৈপ্লবিক পরিবর্তন আনবে না বলেই ধারণা করা হচ্ছে। এটি অনেকটা আইফোন ১৭ প্রো-এর ডিএনএ বহন করবে। তবে ক্যামেরা মডিউলে আসতে পারে বড় পরিবর্তন। জল্পনা রয়েছে যে, এবারের মডেলে ভেরিয়েবল অ্যাপারচার প্রযুক্তি যুক্ত হবে, যা পেশাদার ফটোগ্রাফারদের জন্য ডিএসএলআর-এর মতো অভিজ্ঞতা দেবে।

সিলিকন কার্বন প্রযুক্তি ও ওজন
অন্যান্য অ্যানড্রয়েড ব্র্যান্ডগুলো বড় ব্যাটারির জন্য সিলিকন কার্বন প্রযুক্তি ব্যবহার করলেও অ্যাপল এবারও নিজস্ব অপ্টিমাইজেশানেই আস্থা রাখছে। ব্যাটারির আকার বাড়ার কারণে ১৮ প্রো ম্যাক্স মডেলটি আগের তুলনায় কিছুটা ভারী (প্রায় ২৪০ গ্রাম) হতে পারে। তবে এর বিনিময়ে ব্যবহারকারীরা প্রায় ২ দিনের কাছাকাছি ব্যাটারি লাইফ পাবেন বলে আশা করা হচ্ছে।