জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণ শুরু ১৮ ফেব্রুয়ারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণ শুরু ১৮ ফেব্রুয়ারি

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার আবেদন ফরম পূরণ কার্যক্রম আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে অনলাইনে শুরু হবে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদন ফরম ডাউনলোডের সময়সীমা ১৮ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কলেজ কর্তৃক আবেদন নিশ্চিতকরণের শেষ সময় ১৫ মার্চ এবং ফি জমাদানের সময়সীমা ১২ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত নির্ধারিত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার্থীরা ওয়েবসাইট (ems.nu.ac.bd) থেকে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন এবং কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে তা নিশ্চিত করে জমা দিতে হবে। পরীক্ষার ফি জমা এবং পে-শ্লিপ সংগ্রহের জন্য সোনালী ব্যাংকের সোনালী সেবা ব্যবহার করতে হবে।

এছাড়া পরীক্ষার্থীদের অনলাইনে এন্ট্রি করা বিবরণী ফরম, হিসাব বিবরণী ফরম এবং ইনকোর্স নম্বরের মূল কপি ও প্রিন্ট কপি বিষয়ভিত্তিক আলাদাভাবে সিলগালা করে নিজ নিজ কলেজে সংরক্ষণ করতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে, এসব কাগজপত্র ফলাফল প্রকাশের পর অন্তত তিন মাস পর্যন্ত নিরাপদভাবে সংরক্ষণ করা বাধ্যতামূলক।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়সূচী মেনে যথাযথভাবে ফরম পূরণ, ফি জমাদান এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করার জন্য সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।