ইতিহাস গড়ে অনন্য উচ্চতায় রশিদ খান

ইতিহাস গড়ে অনন্য উচ্চতায় রশিদ খান

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে ইতিহাস গড়লেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। টি–টোয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

ম্যাচের শুরুতে নিজের প্রথম তিন ওভারে কোনো উইকেট পাননি রশিদ। তবে ইনিংসের ১৬তম ওভারে শেষ ওভার করতে এসে সাফল্য পান। তৃতীয় বলে মিডল স্টাম্পে করা ডেলিভারিতে রিভার্স সুইপ খেলতে গিয়ে ভারসাম্য হারান মোহাম্মদ ইফরান। ফলে হিট উইকেট হয়ে সাজঘরে ফেরেন তিনি। এই উইকেটটিই ছিল রশিদের ক্যারিয়ারের ৭০০তম শিকার।

মজার বিষয় হলো, ৫১৮ ম্যাচের দীর্ঘ ক্যারিয়ারে এটিই প্রথম কোনো ব্যাটারকে হিট উইকেট করালেন রশিদ। ৫১৩ ইনিংসে তিনি এই ৭০০ উইকেট পূর্ণ করেন। তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ১৭ রানে ৬ উইকেট।

রশিদের উইকেটগুলোর মধ্যে ৪৮৪ জন ডানহাতি ও ২১৬ জন বাঁহাতি ব্যাটার আছেন। সবচেয়ে বেশি ২৭৭ বার ব্যাটারদের ক্যাচ আউট করেছেন তিনি। এছাড়া ২২৫ বার বোল্ড করেছেন প্রতিপক্ষকে।

স্বীকৃত টি–টোয়েন্টিতে রশিদের এই রেকর্ড দ্রুত কেউ ছুঁতে পারবেন এমন সম্ভাবনা কম। ৬০০-এর বেশি উইকেট আছে শুধু ডোয়াইন ব্রাভো (৬৩১) ও সুনীল নারাইনের (৬১৩)। ব্রাভো ইতোমধ্যে অবসর নিয়েছেন, আর নারিনের সামনে এখনো সুযোগ রয়েছে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার।