কুষ্টিয়ায় যুবদলের দুই নেতা বহিষ্কার

কুষ্টিয়ায় যুবদলের দুই নেতা বহিষ্কার

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগে কুষ্টিয়ায় যুবদলের দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাকারিয়া আনসার মিলন এবং কুষ্টিয়া সদর উপজেলার আইলচরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী মো. হানিফ কবিরাজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

এতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে কাজ করার সুস্পষ্ট অভিযোগে মো. জাকারিয়া আনসার মিলনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি-আদর্শ ও সংহতি পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. হানিফ কবিরাজকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।

এদিকে কুষ্টিয়ার খাজা নগর কবর হাট এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে হানিফ কবিরাজের বিরুদ্ধে স্থানীয়ভাবে ক্ষোভ রয়েছে বলে জানা গেছে। সোমবার দুপুরে এলাকাবাসী তার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়কে বিক্ষোভ করেন। এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাসদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।