শিবচরে ভেজাল শিশুখাদ্য জব্দ, দুইজনের কারাদণ্ড

শিবচরে ভেজাল শিশুখাদ্য জব্দ, দুইজনের কারাদণ্ড

ফাইল ছবি

মাদারীপুরের শিবচরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও ভেজাল শিশুখাদ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শেখপুর বাজারে একটি কারখানায় স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের আদলে নকল ও ভেজাল চিপস, কোমল পানীয়, জুস, আইসক্রিমসহ শিশুদের বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কজাত করা হচ্ছিল। এসব পণ্যের বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর কোনো অনুমোদন ছিল না।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানার নেতৃত্বে অভিযান চালিয়ে কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য জব্দ করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাজারের আরেকটি স্থানে অভিযান চালিয়ে আরও নকল ও ভেজাল পণ্য এবং কাঁচামাল উদ্ধার করা হয়। একই সঙ্গে নকল সিগারেটও জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত রমজান বেপারী (২০) নামে এক কারখানা মালিককে এক মাসের কারাদণ্ড দেন। এ ছাড়া নকল সিগারেট বিক্রির দায়ে দ্বিতীয়াখণ্ড এলাকার রাসেল মোল্লা (৩৫) নামে আরেক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

জব্দ করা নকল ও ভেজাল পণ্য পরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, ভোক্তাদের স্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।